সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

টানা বৃষ্টি এবং মাঠের ভেজা ড্রেনেজ ব্যবস্থার কারণে ম্যাচটি মাঠে গড়াবে কি না, তা নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর অবশেষে বল গড়াল মাঠে। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভারে আনা হয়। এই সংক্ষিপ্ত ফরম্যাটে আগে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

জাপানের স্থানীয় দর্শকরা সকাল থেকেই সূর্যের তাপ উপেক্ষা করে শেডহীন গ্যালারিতে উপস্থিত ছিলেন। জার্সি ও পতাকা হাতে প্রবাসীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুটবলপ্রধান দেশ হলেও জাপানের বাংলাদেশি প্রবাসীরা লিটন-মুস্তাফিজদের খেলা দেখা মিস করতে চাননি। তবে ১৩ ওভারের ম্যাচে খুব বেশি চার-ছক্কার উৎসব দেখার সুযোগ পাননি তারা। বাংলাদেশ নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে।

ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়ায় পাওয়ার প্লে ছিল মাত্র ৪ ওভারের। এই পাওয়ার প্লে’তে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান তুলতে সক্ষম হয়। টানা বৃষ্টিতে উইকেট চার দিনের বেশি কাভারের নিচে থাকায় তা স্পিনারদের জন্য সহায়ক ছিল। পাকিস্তানের স্পিনার সাইম আইয়ুব ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট শিকার করে রানের গতি আটকে রাখেন।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পাকিস্তানের অনভিজ্ঞ বোলিংয়ের সামনেও বেশ হিমশিম খেয়েছে। দলের পক্ষে তাওহীদ হৃদয় ২৫ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস না খেললে ১০০ রানের গণ্ডি পার করা কঠিন হতো। এছাড়া সাইফ হাসান ও মোসাদ্দেক সৈকত ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক লিটন দাস ৩ বলে মাত্র ২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হলে দল বড় চাপের মুখে পড়ে। ৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে ধুঁকতে থাকা বাংলাদেশকে হৃদয় ও সৈকতের ৪৩ রানের জুটি কিছুটা আশার আলো দেখায়।

পাকিস্তানের সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। পাকিস্তানের বোলাররা ১৫টি ওয়াইড দিলেও স্লো আউটফিল্ডের কারণে রান তোলা কঠিন ছিল। আজকের এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। বাংলাদেশ জিতলে রৌপ্য পদক নিশ্চিত হবে, আর হারলে ৩ অক্টোবর ভারত ও শ্রীলঙ্কা ম্যাচের বিজিত দলের বিপক্ষে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামতে হবে।