ফাইনালের একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত আর্জেন্টিনার

বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। কাতারে জেতা রাজমুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনার কৌশল অনেকটাই তৈরি থাকলেও, ট্রফি জয়ের লড়াইয়ের আগে কোচ লিওনেল স্কালোনির সম্ভাব্য একাদশের দুটি পজিশন নিয়ে এখনও বড় ধোঁয়াশা রয়ে গেছে।

পুরো টুর্নামেন্ট জুড়েই স্কালোনি তার রণকৌশল নিয়ে আগাম কোনো আভাস দেননি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ এবং এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দলের মূল কাঠামো ঠিক থাকলেও শুরুর একাদশে দুটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় সংশয় দেখা দিয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা মলিনা বিশ্বকাপে নিজের জায়গা ধরে রাখলেও গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না, এমনকি ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই। অন্যদিকে, রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল বদলি হিসেবে নেমে দারুণ ফুটবল উপহার দিয়েছেন, যার ফলে শুরুর একাদশে মলিনার চেয়ে তিনি এখন কিছুটা এগিয়ে আছেন।

আর্জেন্টিনার একাদশ নিয়ে দ্বিতীয় বড় প্রশ্নটি মিডফিল্ড নিয়ে। সেমিফাইনালে শুরুর একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে রদ্রিগো দে পল দারুণ কার্যকারিতা দেখিয়েছেন। জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন তিনি। দলের ‘ছোট ইঞ্জিন’ খ্যাত এই মিডফিল্ডার তার প্রভাব ও অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ফাইনালে ফিরতেই পারেন। এদিকে, শেষ মুহূর্তের অনুশীলনে স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও জিওভানি লো সেলসোর শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি।