সুইং কার্নিভালস লিমিটেডের শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য দেওয়া টাকা আত্মসাতের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় লিখিত আবেদন
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় সুইং কার্নিভালস লিমিটেডের শ্রমিকদের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শ্রমিক প্রতিনিধি হিসেবে পরিচিত আব্বাস আলী সরদারের বিরুদ্ধে। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে তাদের পাওনা পরিশোধের জন্য টাকা নেওয়া হলেও সেই টাকা শ্রমিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়নি। এ ঘটনায় প্রতিকার চেয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ২০২৬ থেকে কারখানাটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে শ্রমিকরা তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। দীর্ঘদিনেও পাওনা না পেয়ে তারা আন্দোলনে নামেন। এদিকে পাওনা না পাওয়ায় শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শ্রমিকদের লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা টাকা আব্বাস আলী সরদারের কাছে দেয়। তিনি শ্রমিকদের প্রতিনিধি হিসেবে ওই টাকা গ্রহণ করেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। কিন্তু শ্রমিকদের অভিযোগ, টাকা গ্রহণের পরও তিনি প্রকৃত পাওনাদারদের টাকা বুঝিয়ে দেননি। ফলে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, শ্রমিকদের কষ্টার্জিত পাওনা আটকে রাখার কারণে অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়িভাড়া, খাবার খরচ, সন্তানদের লেখাপড়া ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দীর্ঘদিন কাজ করে অর্জিত পাওনা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত, পাওনা টাকার হিসাব যাচাই, শ্রমিকদের ন্যায্য পাওনা উদ্ধার এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শ্রমিকদের বক্তব্য, তাদের পাওনা টাকা দ্রুত বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো শ্রমিককে এ ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে কারখানাটির জিএমের সঙ্গে কথা বললে তিনি জানান, কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সেই আন্দোলনে তাঁরাও যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে কারখানার মালিক মেশিনারিজ বিক্রি করে প্রায় ২৬ লাখ টাকা পান। জিএমের দাবি, ওই টাকা শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য আক্কাস আলী সাগরের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সাগর শ্রমিকদের টাকা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

