সূর্যের পৃষ্ঠে অতিক্ষুদ্র ঘূর্ণাবর্তের রহস্য উন্মোচন করলেন জ্যোতির্বিজ্ঞানীরা

ইতিহাসের সবচেয়ে উচ্চ-রেজোলিউশনের ছবিতে প্রথমবারের মতো সূর্যের দৃশ্যমান পৃষ্ঠে ঘূর্ণাবর্ত বা ভর্টেক্স আকৃতির অতিক্ষুদ্র গঠন শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর টেলিস্কোপে ধারণ করা এসব ছবিতে সূর্যের উত্তপ্ত প্লাজমার এমন সূক্ষ্ম ঘূর্ণি ও অস্থিরতা ধরা পড়েছে, যা আগে কখনো এত বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে বুধবার প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সোলার অবজারভেটরি, ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেছেন। গবেষণায় ব্যবহৃত ছবিগুলো যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত ড্যানিয়েল কে. ইনোউয়ে সোলার টেলিস্কোপ দিয়ে ধারণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টেলিস্কোপ সূর্যের ফটোস্ফিয়ার বা দৃশ্যমান পৃষ্ঠের অত্যন্ত সূক্ষ্ম অংশ পর্যবেক্ষণ করতে সক্ষম। গবেষণায় সূর্যের প্রায় ১৪ লাখ কিলোমিটার ব্যাসের নক্ষত্রটির মাত্র ১০০ কিলোমিটার পুরু স্তরের ক্ষুদ্রাতিক্ষুদ্র গঠন বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিউত্তপ্ত প্লাজমার মধ্যে ক্রমাগত ছোট ছোট ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে, যেগুলোর ব্যাস ১৯ থেকে ১৭০ কিলোমিটার পর্যন্ত। গবেষণার সহ-প্রধান লেখক ও ন্যাশনাল সোলার অবজারভেটরির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফ্রিডরিখ ভ্যোগার জানান, কোনো নক্ষত্রের পৃষ্ঠে কেলভিন-হেলমহোল্টজ অস্থিতিশীলতা প্রথমবারের মতো প্রত্যক্ষ করা গেছে। ভিন্ন গতিতে চলা দুটি প্লাজমা স্তরের পারস্পরিক ক্রিয়ার ফলে এই ঘূর্ণি তৈরি হয়। তিনি বলেন, এটি অনেকটা বাতাসের প্রভাবে হ্রদ বা সমুদ্রের পানিতে ঢেউ তৈরির প্রক্রিয়ার মতো কাজ করে।

ড. ভ্যোগার আরও জানান, পৃথিবীতে মেঘের গঠন কিংবা বৃহস্পতি ও শনির বায়ুমণ্ডলেও এমন ঘূর্ণির অস্তিত্ব রয়েছে। তবে সূর্যের ক্ষেত্রে পার্থক্য হলো, এখানে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবাহিত হয়। গবেষণার আরেক সহ-প্রধান লেখক ড. ডেভিড কুরিদজে বলেন, সূর্যের মতো নক্ষত্র অত্যন্ত গতিশীল এবং এখানে প্রায়ই বিস্ফোরণ ঘটে। এই নতুন আবিষ্কার সৌর শিখা কিংবা করোনাল মাস ইজেকশনের মতো শক্তিশালী বিস্ফোরণের উৎপত্তি বুঝতে সাহায্য করবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ঘূর্ণিগুলো চৌম্বক ক্ষেত্রকে পাকিয়ে বিপুল শক্তি সঞ্চয় করতে পারে, যা পরবর্তীতে পৃথিবীর জিপিএস, বিদ্যুৎ সঞ্চালন ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে।

নতুন এই আবিষ্কারকে সৌর পদার্থবিজ্ঞানের জন্য একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন ড. ভ্যোগার। গবেষকদের মতে, সূর্যের পৃষ্ঠের এই ঘূর্ণিগুলো নান্দনিকভাবে ভিনসেন্ট ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’ বা হোকুসাইয়ের ‘দ্য গ্রেট ওয়েভ অফ কানাগাওয়া’ চিত্রকর্মের মতো। ভবিষ্যতে এই টেলিস্কোপের মাধ্যমে সূর্যের আরও সূক্ষ্ম গঠন পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা সৌর ঝড়ের পূর্বাভাসকে আরও নির্ভুল করে তুলবে এবং পৃথিবীর প্রযুক্তিনির্ভর অবকাঠামো সুরক্ষায় নতুন সুযোগ তৈরি করবে।