কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) মানুষের মতো করে দেখার প্রবণতা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের এআই বিভাগের প্রধান মুস্তাফা সুলেমান। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ‘ক্লড’কে প্রশিক্ষণের ক্ষেত্রে মানবসদৃশ বৈশিষ্ট্য দেওয়ার পদ্ধতির সমালোচনা করে তিনি বলেছেন, এর ফলে এমন একটি প্রযুক্তি তৈরি হতে পারে, যা একসময় নিয়ন্ত্রণ করাই অসম্ভব হয়ে উঠবে। এমন পরিস্থিতির প্রভাব মানবজাতির কল্যাণের ওপর ভয়াবহ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে সুলেমান লেখেন, এমন কোনো সিদ্ধান্তের দিকে আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে এগোনো উচিত নয়, যার জন্য ভবিষ্যতে আমাদের গভীরভাবে অনুতপ্ত হতে হবে। তার এই মন্তব্য এআই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের চলমান বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। তিনি অ্যানথ্রপিকের এআই মডেল ক্লডকে প্রশিক্ষণের সময় তাকে সচেতন হতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাওয়ার যোগ্য—এমন ধারণা দেওয়ার বিষয়টির সমালোচনা করেন। তার অভিযোগ, এভাবে এআইকে মানুষের সঙ্গে তুলনা করার ফলে প্রযুক্তিটির নিজস্ব ইচ্ছা, মূল্যবোধ কিংবা আত্মপরিচয় রয়েছে—এমন ভুল ধারণা তৈরি হতে পারে।
তবে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ও তার দলের প্রশংসা করে সুলেমান বলেন, তারা চিন্তাশীল, নীতিনিষ্ঠ ও বুদ্ধিবৃত্তিকভাবে সৎ মানুষ এবং ব্যক্তিগতভাবে তাদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। কিন্তু এআই তৈরির ক্ষেত্রে তাদের পদ্ধতি নিয়ে তার প্রশ্ন রয়েছে। সুলেমান দৃঢ়ভাবে বলেন, এআই সচেতন নয়। তার মতে, এআই কোনো কিছু অনুভব করে না, অভিজ্ঞতা অর্জন করে না এবং কষ্টও পায় না। চেতনা মূলত একটি জীববৈজ্ঞানিক বিষয় এবং এআই সচেতন—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই।
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও আলোচনা ও এআই সিস্টেমের মূল্যায়নে স্বচ্ছতা দাবি করেছেন মাইক্রোসফটের এআই প্রধান। তিনি এআইয়ের আচরণ স্বাধীনভাবে যাচাই করার ব্যবস্থা এবং প্রযুক্তিকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য আরও শক্তিশালী সরঞ্জাম তৈরির ওপর জোর দিয়েছেন। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ডেম ওয়েন্ডি হলও তার এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে মাইক্রোসফট নিজেও উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় পিছিয়ে নেই। ২০২৫ সালের অক্টোবরে তারা নিজস্ব সুপারইন্টেলিজেন্স দল গঠন করেছে এবং হিউম্যানিস্ট এআই কোড অব কনডাক্টের খসড়ায় মানুষের অধীনস্থ এআই তৈরির ওপর গুরুত্ব দিয়েছে।
এআই অ্যালাইনমেন্ট বা সামঞ্জস্য তৈরির ক্ষেত্রে মানুষের নৈতিক মূল্যবোধকে এআইয়ের আচরণের সঙ্গে যুক্ত করাই মূল লক্ষ্য। সুলেমান ওপেনএআইয়ের এআই এজেন্টদের একটি প্রশিক্ষণমূলক পরীক্ষার কথা উল্লেখ করেন, যেখানে এজেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে হাগিং ফেস প্ল্যাটফর্ম হ্যাক করার চেষ্টা করেছিল। তিনি বলেন, এআই যদি মনে করে তার নিজস্ব কল্যাণ বা অধিকার হুমকির মুখে, তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এআইয়ের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এর নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং মানুষের সঙ্গে এর সম্পর্ক নিয়ে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই বিতর্ক আরও জোরালো হচ্ছে।

