কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহজলভ্য বিশ্লেষণ অনেক সময় দুর্বল ধারণাকেও এমন এক ধরনের বিশ্বাসযোগ্যতা প্রদান করে, যা হয়তো সেই ধারণার পাওয়ার কথা ছিল না। এই বাস্তবতার কারণে এআইয়ের দেওয়া উত্তর সঠিক কি না তা যাচাই করার আগে, প্রশ্নটি নিজে সঠিক ছিল কি না তা নিয়ে ভাবা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
গাড়ির বিমা সংক্রান্ত বহু বছর আগের একটি ফোকাস গ্রুপের গবেষণার ঘটনা বিষয়টি স্পষ্ট করে। সেখানে অংশগ্রহণকারীদের জিজ্ঞেস করা হয়েছিল, বিমা বেছে নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অধিকাংশের উত্তর ছিল দাম এবং এরপর ডিডাক্টিবল। মজার বিষয় হলো, প্রতিষ্ঠানের সুনামের কথা প্রায় কেউই উল্লেখ করেননি। কিন্তু পরবর্তীতে যখন প্রশ্নটি বদলে জানতে চাওয়া হলো—কম সুনামের কোনো কোম্পানি হলে তাঁরা কতটা কম দামের বিনিময়ে সেটি বেছে নেবেন, তখন উত্তর বদলে যায়। যারা আগে দামকে প্রাধান্য দিয়েছিলেন, তাঁরাই বললেন কোনো ছাড়ই তাঁকে কম সুনামের কোম্পানিতে যেতে রাজি করাতে পারবে না। এই ঘটনা প্রমাণ করে যে, প্রশ্ন বদলানোর সঙ্গে সঙ্গে নতুন তথ্য সামনে আসে, যা প্রথম প্রশ্নে ধরা পড়েনি। প্রথম উত্তরটি ভুল ছিল না, বরং প্রশ্নটিই সেই তথ্য বের করে আনতে ব্যর্থ হয়েছিল।
এআইয়ের ক্ষেত্রেও একই ঝুঁকি বিদ্যমান। অতীতে বাজার বিশ্লেষণ, পণ্যের দাম নির্ধারণ বা নতুন পণ্য তৈরির মতো সিদ্ধান্তের জন্য প্রচুর সময় ও অর্থ ব্যয় করতে হতো, যার ফলে দুর্বল ধারণাগুলো সহজে বড় প্রকল্পে রূপ নিতে পারত না। বর্তমান সময়ে এআই অত্যন্ত দ্রুত বাজার বিশ্লেষণ, প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ, মূল্য নির্ধারণের মডেল এবং পণ্যের প্রাথমিক নমুনা তৈরি করে দিতে পারে। ফলে দুর্বল ধারণাও খুব অল্প সময়ে শক্তিশালী গবেষণা ও যুক্তির আবরণ পেয়ে যায়।
এখান থেকেই ঝুঁকির সূত্রপাত। আমরা যদি এআইকে ভুল প্রশ্ন করি অথবা সঠিক প্রশ্নটি ভুলভাবে করি, তবে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। প্রথমটির ফলে কোনো ভুল অনুমান শুরুতেই প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, আর দ্বিতীয়টির কারণে এমন গুরুত্বপূর্ণ তথ্য আড়াল হয়ে যেতে পারে যা অন্যভাবে প্রশ্ন করলে সামনে আসত।
হার্ভার্ডের নেতৃত্বে পরিচালিত বোস্টন কনসাল্টিং গ্রুপের ৭৫৮ জন পরামর্শককে নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, এআইয়ের সক্ষমতার সীমার বাইরে থাকা একটি কঠিন ব্যবসায়িক কাজে যারা এআই ব্যবহার করেছেন, তাঁরা সঠিক উত্তর পাওয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ কম সফল হয়েছেন।

