হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক রাতে আল্লাহর রাসুল (সা.) তাকে ফিতরার খাদ্যশস্য পাহারার দায়িত্ব দিয়েছিলেন। এই খাদ্যশস্য দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য জমা রাখা হয়েছিল। গভীর রাতে একজন আগন্তুক এসে খাদ্যশস্য চুরি করার চেষ্টা করলে তিনি তাকে ধরে ফেলেন। আবু হুরায়রা (রা.) তাকে রাসুল (সা.)-এর কাছে নিয়ে যাওয়ার হুমকি দিলে আগন্তুক নিজেকে অভাবী এবং বহু পোষ্যের অধিকারী দাবি করে ক্ষমা প্রার্থনা করেন। আবু হুরায়রা (রা.) তার প্রতি দয়া প্রদর্শন করে তাকে ছেড়ে দেন।
পরদিন ভোরে রাসুল (সা.) তাকে জিজ্ঞেস করেন, গত রাতের বন্দির কী খবর। আবু হুরায়রা (রা.) পুরো ঘটনা খুলে বললে নবীজি (সা.) তাকে জানান যে, লোকটি মিথ্যা বলেছে এবং সে আবার ফিরে আসবে। রাসুলের কথার প্রেক্ষিতে আবু হুরায়রা (রা.) সতর্ক ছিলেন। ঠিকই দ্বিতীয় রাতে লোকটি আবার এসে খাদ্যশস্য নিতে শুরু করলে তিনি তাকে আবারও পাকড়াও করেন। লোকটি এবারও নিজের অভাবের দোহাই দিয়ে ছাড়া পাওয়ার আবেদন করলে আবু হুরায়রা (রা.) দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দেন।
ভোরে রাসুল (সা.) পুনরায় তাকে জিজ্ঞেস করেন এবং জানান যে, লোকটি মিথ্যা বলেছে এবং সে আবার আসবে। তৃতীয়বার যখন লোকটি আবার এলো, আবু হুরায়রা (রা.) তাকে দৃঢ়ভাবে ধরে ফেলেন এবং রাসুল (সা.)-এর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন লোকটি তাকে একটি বিশেষ আমল শেখানোর প্রস্তাব দেয়। সে বলে, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষী নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তার ধারেকাছে ঘেঁষতে পারবে না।
এই আমলের কথা শুনে আবু হুরায়রা (রা.) তাকে তৃতীয়বারের মতো ছেড়ে দেন। পরদিন ভোরে রাসুল (সা.) তাকে বন্দির সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি আমলটির কথা জানান। তখন নবীজি (সা.) বলেন, সে নিজে মিথ্যুক হলেও এবার সত্য কথা বলেছে। এরপর রাসুল (সা.) আবু হুরায়রা (রা.)-কে জানান যে, গত তিন রাত তিনি যার সাথে কথা বলেছেন, সে আসলে একটি শয়তান ছিল। (বোখারি : ২৩১১)।
আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ হলো: আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম। লা তা খুজুহু সিনাতুও ওয়া লা নাওম। লাহু মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরজি। মান জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহি তুনা বিশাইয়িম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়া সিআ কুরসিইয়ুহুস সামা ওয়াতি ওয়াল আরজি, ওয়া লা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুওয়াল আলিউয়ুল আজিম।
এর অর্থ হলো: আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না ও নিদ্রাও নয়। আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে, সবকিছু তাঁরই। কে আছে এমন যে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? তাঁদের সামনে কী আছে ও পিছনে কী আছে সবই তিনি জানেন এবং তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ব করতে পারে না। তাঁর কুরসি আকাশ ও পৃথিবীকে পরিবেষ্টিত করেছে এবং সেগুলো সংরক্ষণ করতে তাঁর কষ্ট হয় না। এবং তিনিই সর্বোচ্চ ও মহান।

