হাওয়া (আ.)-এর সৃষ্টির পেছনের ইতিহাস ও কোরআন-হাদিসের বর্ণনা

পৃথিবীতে মানুষ সৃষ্টির ইচ্ছে প্রকাশ করে আল্লাহতায়ালা যখন ফেরেশতাদের তা জানালেন, তখন তারা ইতিপূর্বে জিন জাতির ঘটানো বিশৃঙ্খলার কথা স্মরণ করিয়ে দেন। মূলত মানবজাতির আগমনের দুই হাজার বছর আগে পৃথিবীতে জিনদের বসবাস ছিল। সর্বত্র ফিতনা ও বিশৃঙ্খলা ছড়াতে থাকলে আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাদের সমতল ভূমি থেকে তাড়িয়ে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দেন (মুসতাদরাকুল হাকিম : ৩০৩৫)। এর পরই সৃষ্টি করা হয় প্রথম মানব আদম (আ.)-কে, যাঁকে ফেরেশতারা সিজদা করেন এবং তিনি জান্নাতে বসবাস শুরু করেন।

জান্নাতে থাকলেও আদম (আ.) ছিলেন সম্পূর্ণ একাকী। তাঁর কোনো সঙ্গী বা স্ত্রী ছিল না, যার মাধ্যমে তিনি প্রশান্তি লাভ করতে পারতেন কিংবা কথা বলে একাকিত্ব দূর করতে পারতেন। মনে মনে তিনি একজন সঙ্গীর অভাব বোধ করতেন। একদিন ঘুমানোর পর জেগে উঠে আদম (আ.) দেখতে পান, তাঁর মাথার কাছে এক অপূর্ব নারী বসে আছেন। এর আগে কখনও এমন অবয়ব না দেখায় তিনি তাঁর পরিচয় জানতে চান। উত্তরে তিনি বলেন, 'আমি নারী।' কেন তাঁকে সৃষ্টি করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আদম (আ.)-এর প্রশান্তির জন্যই তাঁর সৃষ্টি।

সুরা নিসার ১ নম্বর আয়াতে আল্লাহতায়ালা এরশাদ করেছেন, 'হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তাঁর স্ত্রী সৃষ্টি করেন, যিনি তাঁদের দুজন থেকে বহু নারী-পুরুষ ছড়িয়ে দেন।' কাসাসুল কোরআন (খণ্ড : ১, পৃষ্ঠা : ৪০)-এর ব্যাখ্যা অনুযায়ী, এই আয়াত থেকে বোঝা যায় হাওয়া (আ.)-কে আদম (আ.) থেকেই সৃষ্টি করা হয়েছে। এর দুটি দিক হতে পারে—এক, পুরুষের স্বজাতীয় হিসেবে অপর এক নারীকে জীবনসঙ্গিনী রূপে সৃষ্টি করা হয়েছে; দুই, আদম (আ.)-এর পাঁজরের হাড় থেকে হাওয়া (আ.)-কে সৃষ্টি করা হয়েছে। তাফসিরবিদরা প্রথম ব্যাখ্যাটিকেই প্রাধান্য দেন, যার মূলকথা নারী ও পুরুষ একই জাতের এবং একই নিয়মে সৃষ্ট।

অন্যদিকে পাঁজরের হাড় থেকে নারী সৃষ্টির কথা উল্লেখ রয়েছে হাদিস শরিফে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমরা নারীদের সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হাড় হলো এটা। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তবে তা সব সময় বাঁকাই থাকবে। কাজেই নারীদের উত্তম উপদেশ দিতে থাকো।' (বোখারি : ৫১৮৫)।

সৃষ্টির পর জান্নাতে আদম ও হাওয়া (আ.)-এর একসঙ্গে বসবাস শুরু হয়। সেখানে অফুরন্ত নেয়ামতের মাঝে তাঁরা স্বাধীনভাবে ঘোরাফেরা ও খাওয়া-দাওয়া করতেন। তবে একটি নির্দিষ্ট গাছ দেখিয়ে আল্লাহ তাঁদের সতর্ক করে দেন। সুরা আরাফের ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আর আমি বললাম, হে আদম, তুমি তোমার সঙ্গিনীকে নিয়ে জান্নাতে বাস করো এবং যেখানে ইচ্ছা যাও বা যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছের কাছে যেয়ো না, গেলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে।'

আদম (আ.)-এর কারণে নিজের মর্যাদা হারিয়ে প্রথম দিন থেকেই ইবলিস তাঁর ওপর চরম শত্রুভাবাপন্ন ছিল। যেকোনো মূল্যে ধোঁকা দেওয়াই ছিল তার লক্ষ্য। আদম (আ.)-কে সরাসরি প্ররোচিত করতে ব্যর্থ হয়ে সে হাওয়া (আ.)-কে লক্ষ্যবস্তু বানায়। একপর্যায়ে হাওয়া (আ.) ইবলিসের ফাঁদে পা দিয়ে নিষিদ্ধ গাছের কাছে যান এবং আদম (আ.)-কে নিয়ে সেই ফল খেয়ে ফেলেন। আল্লাহর নির্দেশ অমান্য করে সীমালঙ্ঘন করার কারণে তাঁদের জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। এভাবেই জান্নাত থেকে পৃথিবীতে মানবজাতির বসবাসের সূচনা ঘটে, যা ছিল আদমের প্রতি আল্লাহর প্রথম শাস্তি।