সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়েছিলেন। এই বিভাগে তিনি টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের ওপর নিজের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করার মাধ্যমে তিনি প্রথম স্থান নিশ্চিত করেন। এবারের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঁচটি পৃথক শাখায় সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ ও কারিরা অংশ নিয়েছিলেন। আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করেছেন।
প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। মক্কার পবিত্র ভূমিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য প্রথম স্থান অর্জনকে সংশ্লিষ্টরা দেশের জন্য একটি বড় গৌরবের সাফল্য হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, তরুণ এই হাফেজের এই সাফল্য দেশের কোরআন শিক্ষা ও হিফজের অঙ্গনে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করবে।

