দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। দলটির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী ঘটনা। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রবর্তনের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল, যা থেকে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশকে মুক্ত করেছিলেন।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়ার ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, যা বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু করে। এই গৌরবময় দিনে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই নয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
তারেক রহমান উল্লেখ করেন, বিভিন্ন মেয়াদে সরকার পরিচালনার সময় সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

