সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার হাফিজ উদ্দিন

সৎ ও যোগ্য ব্যক্তিদের রাজনীতি করার উপযুক্ত পরিবেশ না থাকায় সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। বুধবার (২১ অক্টোবর) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সমাজব্যবস্থায় সবচেয়ে বড় দুর্নীতিবাজরাই সমাজের বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

স্পিকার বলেন, ইথিওপিয়ার তুলনায় আমরা কোথায় চলে গেছি তা স্পষ্ট। এখানে সৎ লোকের রাজনীতি করার পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, যার ফলে ভালো লোকের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশ এমন অবস্থায় থাকবে না। আওয়ামী লীগের শাসন থেকে মুক্ত হওয়ার পর আগামী দিনে আল্লাহ বাংলাদেশের মানুষের ওপর দয়া করবেন এবং একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের কঠোর সমালোচনা করে স্পিকার বলেন, ‘আয়নাঘর’ বলতে একটা জিনিস ছিল, যা সম্পর্কে আগে কেউ জানতই না। আওয়ামী লীগের পতনের পর তাদের টর্চার সেলের অস্তিত্ব সামনে এসেছে, যেখানে বহু মানুষকে আটকে রেখে নির্যাতন ও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সমাজের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং প্রশাসন ও সামরিক বাহিনীকে ধ্বংস করেছে। এছাড়া রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার ও মিথ্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে এই দুঃশাসনের পতন হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। তিনি অভিযোগ করেন যে, হাজার হাজার কোটি টাকার সম্পদ বিদেশে রেখে তারা দলবলসহ দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা বড় গলায় বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, এখন তারা কোথায়—এমন প্রশ্নও রাখেন তিনি।

নিজের সততার কথা তুলে ধরে স্পিকার বলেন, তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকেছেন। এলাকায় কেউ জমি বা ঘরবাড়ি দখল করলে কিংবা কাউকে হয়রানি করলে প্রথমে স্থানীয় নেতাদের জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, যদি নেতারাই এসব অপকর্মে জড়িত থাকেন, তবে যেন তাঁকে জানানো হয়। তিনি আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে সাধারণ সদস্য হিসেবে আছি এবং নিরপেক্ষভাবে সংসদ চালাচ্ছি। তাই তজুমদ্দিনে কোনো ধরনের অপকর্ম, মাস্তানি ও চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।