সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে হঠাৎ ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ। বুধবার ভোরের দিকে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুপুর ১২টার দিকে প্রকাশিত ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে থাকা কয়েকজন ব্যক্তি একরামুল হক নামের এক যুবলীগ নেতার ব্যানার ধরে আছেন। আনুমানিক ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী এতে অংশ নেন এবং ‘শেখ হাসিনা আসবে’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন। দৃশ্যপট অনুযায়ী, একটি টহল পুলিশের গাড়ি মিছিলের দিকে এগিয়ে আসলেও উপস্থিত কর্মীদের হুংকারের মুখে সেটি মিছিলটি ক্রস করে চলে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, তিনি মিছিলের ভিডিওটি দেখেছেন। তবে মহাসড়কের ঠিক কোন অংশে মিছিলটি সংঘটিত হয়েছে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

