পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেবে না মানুষ: রিজভী

প্রতিবেশী কোনো দেশের ওপর নির্ভর করে পলাতক ফ্যাসিস্টরা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের মানুষ তাদেরকে আর কোনোভাবেই ক্ষমতায় ফিরতে দেবে না।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

রিজভী বলেন, শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাধারণ মানুষ নতুন করে ফুঁসে উঠেছে। তিনি আরও বলেন, রক্তাক্ত পথে এদেশের মানুষ তাদেরকে আর হাঁটতে দেবে না। তাদের বোমাবাজির বিরুদ্ধেও দেশের মানুষ এখন প্রতিবাদী হয়ে উঠেছে।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।