বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সমুদ্র ও নৌপথকে যদি পরিকল্পনা মাফিক সাজানো এবং শক্তিশালী করা যায়, তবেই আমাদের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রতিরোধ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে আমাদের সংস্কার ও বিচারের দাবিতে কথা বলতে হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের পরিণতি স্বৈরতান্ত্রিক হবে। এছাড়া রাষ্ট্রপতি কে হবেন সেই ভার প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করার বিষয়টি এতদিন ধরে চলা ক্ষমতার ভারসাম্যের আলোচনার সম্পূর্ণ বিপরীত। তিনি উল্লেখ করেন, পাঁচ মাসের মধ্যেই জনগণ কথা বলতে শুরু করেছে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নাহিদ ইসলাম বলেন, এই গণঅভ্যুত্থানে আমরা একটি অসমাপ্ত কাজ করেছি। কেন আমরা সফল হতে পারিনি সেজন্য আমাদের দায়ী করা যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো সে সময় আমরা কারও সমর্থন পাইনি। যারা এখন গণঅভ্যুত্থানের কর্তৃত্ব দাবি করছেন, তারা সবার আগে ক্যান্টনমেন্টে চলে গিয়েছিলেন। রাজনৈতিক দলগুলোর সে সময়ের ভূমিকা বিশ্লেষণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন এটি অনেকের প্রত্যাশা ছিল, কিন্তু ক্ষমতার কাঠামোর পরিবর্তন বা তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি অনেকের প্রত্যাশায় ছিল না। বরং আওয়ামী লীগকে বিরোধী দলে রেখে পরবর্তীতে আবার ক্ষমতায় আনার একটি পরিকল্পনা ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো পুরো চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব দেওয়া। ঢাকার পরে চট্টগ্রামই ছিল আন্দোলনের দুর্গ, যার সূত্রপাত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকেই। আগামী দিনে জনগণের পক্ষে কোনো আন্দোলন তৈরি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই তাতে অংশগ্রহণ করবে।
সমুদ্র ও বন্দর নিয়ে তিনি বলেন, আমাদের তিন দিকে ভারত। একমাত্র উন্মুক্ত স্থান হলো সমুদ্র, যার মাধ্যমে আমরা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারি। এ কারণেই বাংলাদেশ কখনোই দিল্লির ওপর নির্ভরশীল ছিল না। আমাদের সমুদ্র বন্দরই আমাদের স্বনির্ভরতার মূল ভিত্তি। এই সমুদ্র ও নৌপথের নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই আসতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন চবির দর্শন বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইব, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪

