লংমার্চের মাঝেই জামায়াতের ৩৪ এমপির সপরিবার বিদেশ সফর

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আট দফা দাবিতে লংমার্চ কর্মসূচির মধ্যেই দলটির ৩৪ জন সংসদ সদস্য (এমপি) সপরিবার বিদেশ সফরে গেছেন। ১৭ দিনের এই সফরে পরিবারের সদস্যসহ সফরকারী দলের মোট সদস্যসংখ্যা ৭১। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে যখন বিরোধী জোটের আন্দোলন চলছে, তখন জামায়াত এমপিদের এই বিদেশ সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফর সম্পূর্ণ পূর্বনির্ধারিত এবং এটি দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনারই অংশ।

জামায়াত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকারী ৩৪ জন এমপির মধ্যে ২৫ থেকে ২৬ জন সপরিবার সফরে গেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক এমপি ও সম্প্রতি জামায়াতে যোগ দেওয়া মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হক। গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় তাঁরা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে প্রথম তিন দিন অবস্থান শেষে ১৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুর সফর শেষ করে গত শনিবার তাঁরা ফিলিপাইনে পৌঁছেছেন। সেখান থেকে আগামী ২৪ সেপ্টেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে তাঁদের সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। সৌদি আরব যাওয়ার পথে বাহরাইনে একটি যাত্রাবিরতি রয়েছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়া সফরের সময় দেশটির সাবেক শিক্ষামন্ত্রী ও রাজনৈতিক দল কেদিলান রাকাইয়াতের আন্তর্জাতিক বিষয়ক ব্যুরোর প্রধান মাসজলি মালিক জামায়াতের এমপিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৭ সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে মাসজলি মালিক জানান, কেদিলান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ব্যুরো ও আইএআইএস মালয়েশিয়ার পক্ষ থেকে সংস্কারপন্থী রাজনৈতিক দলগুলোর বৈশ্বিক চ্যালেঞ্জ এবং অধ্যাপক জিয়াউদ্দিন সারদারের ‘পোস্ট-নরমাল টাইমস’ ধারণা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া জনপ্রতিনিধিদের স্বচ্ছতা, সততা ও জবাবদিহির ওপর জোর দেওয়া হয় বৈঠকে। কুয়ালালামপুর সিটি সেন্টার ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াসহ বিভিন্ন স্থানও ঘুরে দেখেন তাঁরা। এরপর সিঙ্গাপুরে গিয়ে তাঁরা নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও দেশটির উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে আয়োজিত একটি সিম্পোজিয়ামে অংশ নেন।

বর্তমানে ফিলিপাইনে অবস্থানরত এই প্রতিনিধিদল দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। ২৪ সেপ্টেম্বর ফিলিপাইন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে বাহরাইন বিমানবন্দরে যাত্রাবিরতির সময় আশেপাশের কিছু স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের। এরপর ওমরাহ সম্পন্ন করে ৩০ সেপ্টেম্বর তাঁরা দেশে ফিরবেন।

সফরে থাকা ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন জানান, জামায়াতের আমিরের অনুমতি নিয়ে এবং স্পিকারকে অবহিত করেই তাঁরা এই সফরে এসেছেন। উন্নত দেশগুলোর অর্থনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকারী দলের আরেক সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, সংসদের তৃতীয় অধিবেশনের কারণে আগের পরিকল্পনা অনুযায়ী সফরটি কিছুটা পিছিয়ে যায়। জামায়াতের অনেক এমপি এবারই প্রথম নির্বাচিত হয়েছেন এবং তাঁদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতেই এই প্রশিক্ষণমূলক সফরের আয়োজন।

জামায়াত সূত্র জানিয়েছে, এটি কোনো রাজনৈতিক সফর না হলেও পূর্বপরিচিতি ও সাংগঠনিক যোগাযোগের ভিত্তিতে মালয়েশিয়া ও অন্যান্য দেশের সরকারি-বিরোধী দলের এমপিদের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছে। দলকে দেশের দায়িত্ব নেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নেতাদের আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বাড়ানোর পরিকল্পনার অংশ এটি। ভবিষ্যতে ইউরোপ ও আমেরিকাতেও দলের সংসদ সদস্য, তরুণ নেতৃত্ব ও ছাত্রসংগঠনের নেতাদের নিয়ে অনুরূপ সফরের পরিকল্পনা রয়েছে। জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের নিয়মিত পরিকল্পনার অংশ হিসেবেই এমপিদের জন্য বিশেষভাবে এই সফরের আয়োজন করা হয়েছে।