অস্ত্রকাণ্ডের বিতর্কের রেশ কাটতে না কাটতেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি স্বেচ্ছায় নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সংবাদ সম্মেলন শুরুর আগে বেলা পৌনে ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রবেশ করেন ইশরাক। এ সময় অনুসারীরা তার পক্ষে নানা স্লোগান দেন।
সংবাদ সম্মেলনে নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে ইশরাক হোসেন দাবি করেন, তিনি কোনো ভুল করেননি। তিনি বলেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখপ্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত শনিবার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে তার আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাটি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে নানাভাবে প্রচারিত হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ঢাকা পড়ে যাচ্ছিল। সরকারের ভাবমূর্তি রক্ষায় এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড যাতে ম্লান না হয়, সে বিষয়টি চিন্তা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তিনি তার পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী তাকে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তী সময়ে আরও যদি এলাকা থাকে, সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে বলেছেন। তিনি উল্লেখ করেন, ঘটনার দিন প্রধানমন্ত্রী ১৩টি জায়গা পরিদর্শন করেছিলেন, যেটি প্রশংসনীয় ছিল।
এর আগে রোববার সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। পুলিশ, স্থানীয় রাজনৈতিক নেতা ও সামাজিক নেতাদের যৌথ সিদ্ধান্তে ওই কর্মসূচি নেওয়া হয়েছিল। পরে গতকাল রোববার রাত ১০টার দিকে ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’ শিরোনামে খবর প্রকাশ করে প্রথম আলো। তবে আজ সকাল সাড়ে ৮টার পর নিজেই ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। ইশরাক হোসেন ঘোষণা দেন যে, মন্ত্রিত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার সামাজিক প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

