ইনসাফের বুলি আওড়ে অপকর্ম আড়াল করা যাবে না: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড অবশ্যই জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি স্পষ্ট করে বলেন, শুধু ইনসাফ ও কল্যাণের বুলি আওড়ালেই হবে না, বরং ইনসাফের কথা বলে কোনো ধরনের অপকর্ম ঢেকে রাখা যায় না। রোববার (২৭ জুলাই) লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, প্রথম সংসদ অধিবেশনে বিরোধী দলকে প্রয়োজনীয় কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে দ্বিতীয় অধিবেশনে তারা তাদের বক্তব্য রাখছেন এবং দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন। তবে দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিপক্বতা এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে গুরুত্বের সাথে তুলে ধরা প্রয়োজন, সে বিষয়ে তিনি আশাবাদী নন।

বাংলাদেশে বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছে, যা নিয়ে নতুন করে কিছু বলার অবকাশ নেই। তবে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে সাধারণ মানুষ কষ্ট পান বা আহত বোধ করেন।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।