হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার চাপে আছে: আসিফ

গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকার বর্তমানে এক ধরনের চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ হোসেন সজীব ভুইয়া। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১-দলীয় ঐক্য আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ হোসেন সজীব ভুইয়া বলেন, ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা কয়েকবার শুনেছি যে, শেখ হাসিনাকে তাদের মাটি থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবে আমরা দেখছি তিনি তা করছেন। প্রথমে তাকে সশরীরে উপস্থিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে অনলাইনে তার উপস্থিতি দেখা গেছে। এমনকি এমনও হয়েছে যে, তাকে দেখা না গেলেও তার কণ্ঠ শোনা যাচ্ছে। এ থেকেই বোঝা যায়, ভারত সরকারও এক ধরনের চাপে আছে এবং তিনি সেখানে হয়তো স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না।

শেখ হাসিনার অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা শুনেছি তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় না কোনো দেশই তাকে সেই সুযোগ দেবে। কারণ তিনি বাংলাদেশের একজন ফাঁসির আসামি এবং প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত। এই অভিযোগগুলো আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আগামী ৫ আগস্ট ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। আদালত তার বিষয়ে যে রায় দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন হবে বলেও তিনি মন্তব্য করেন।