সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের পূর্বে বিএনপির দেয়া ৩১ দফা ও জাতীয় সরকার গঠনের নানা প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করেন নেতারা।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বৈঠকে ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জোট নেতাদের আশ্বস্ত করেছেন। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট ও ইসলামী দলসহ মোট ৪১টি দলের নেতারা এই বৈঠকে অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যুগপৎ আন্দোলন চলেছে, এই বৈঠক সেই আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করবে। তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলনের সাথীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অত্যন্ত আবেগঘন ছিল। প্রধানমন্ত্রী প্রতিটি দলের নেতাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন এবং তাদের অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ জানিয়েছেন।
ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র পুনর্গঠনের কথা উল্লেখ করে ফখরুল বলেন, গত ১৫ বছরে অর্থনীতি ধ্বংস ও প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সরকার তা কাটিয়ে ওঠার কাজ শুরু করেছে। কাজের অগ্রাধিকারের কারণে সব দলের সঙ্গে দ্রুত যোগাযোগ সম্ভব না হলেও, পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সঙ্গেই নিয়মিত বসার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
মির্জা ফখরুল আরও বলেন, ৩১ দফা কর্মসূচি এবং স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

