বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছে: শফিকুর

নির্বাচনের সময় নানা ধরনের কথা বলে বিএনপি আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আপনারা নির্বাচনের সময় নানা কথা বলে আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। এসময় তিনি শেখ হাসিনার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি বলেছিলেন হাতেপায়ে ধরে ভোট নিয়েছেন, এখন কেন বেইমানি করছেন? এছাড়া বিএনপির অন্তত ৯৫টি আসনে পরাজয়ের কথা উল্লেখ করে জামায়াত আমির দাবি করেন, দলের এক গডফাদার বলেছিলেন যে বিএনপিকে তারাই জিতিয়ে এনেছেন। তিনি আরও বলেন, বিএনপি এখন নতুন বয়ান তৈরি করছে যে তারা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে। নাউজুবিল্লাহ বলে তিনি এই অভিযোগ প্রত্যাখ্যান করেন। নাটোরের এমপি নিজের দলের বদলে আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়ায় তিনি সমালোচনা করেন।

জামায়াত আমির অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় এবং বিএনপির দলের ভেতরেও স্থান দেওয়া হচ্ছে। তিনি সীমান্তের ওপার থেকে টাকা আসার অভিযোগের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, যদি টাকা আসেই, তবে সরকার কেন তা ঠেকাতে পারছে না? এছাড়া অস্ত্র ও মাদক ঠেকাতে ব্যর্থ সরকারের দেশ শাসনের অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন।

জনগণকে কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন, দুর্নীতির বোঝা চাপিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হয়েছে। প্রবাসীদের ফিরে আসা এবং নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পঞ্চগড়ে এক টাকায় চার লাউ বিক্রির উদাহরণ টেনে তিনি বলেন, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপছে। রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার ঘটনা উল্লেখ করে তিনি অপরাধীকে আইনের আওতায় না এনে শুধুমাত্র পদত্যাগের মাধ্যমে হোয়াইটওয়াশ করার চেষ্টার সমালোচনা করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, চাঁদা ও দখলদারি এতটাই মারাত্মক যে নিজেদের লোকেরাও একে অপরকে হত্যা করতে কুণ্ঠিত হচ্ছে না। পাহাড়সম ব্যর্থতা আড়াল করতে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। বর্তমান সরকারের সাত মাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এত দ্রুত লোভ সামলাতে না পেরে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। তিনি বলেন, আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই কর্মসূচি পালন করছি।

৭০ ভাগ মানুষের রায়কে এত তাড়াতাড়ি অগ্রাহ্য করলেন কেন?

আমরা কোনো দলীয় দাবি বা ১১-দলীয় জোটের কোনো দাবি নিয়ে মাঠে নামিনি।