চীনে অনুষ্ঠিত গণমাধ্যম সহযোগিতা বিষয়ক এক সেমিনারে বিশ্বের ৩০টি দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির মিডিয়া সেলের জাতীয় সমন্বয়কারী ও টিম লিডার (ডিজিটাল) আপেল মাহমুদ অংশগ্রহণ করেন। সেমিনারে বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তির বিবর্তনে গণমাধ্যমের পরিবর্তনশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আপেল মাহমুদসহ অংশগ্রহণকারী প্রতিনিধিরা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী সুন হাই ইয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সংলাপ জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার এক পর্যায়ে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। আপেল মাহমুদ জানান, বৈঠকের শুরুতেই সুন হাই ইয়ান প্রতিনিধিদের ভূমিকা ও কাজের ক্ষেত্র সম্পর্কে অবগত ছিলেন, যা আয়োজকদের পেশাদারিত্বের পরিচয় দেয়।
সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো আধুনিক প্রযুক্তির প্রভাবে গণমাধ্যমের পরিবর্তন নিয়ে বিশদ আলোচনা হয়। প্রতিনিধিরা নিজ নিজ দেশের গণমাধ্যমের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি জনগণের কাছে তথ্য পৌঁছানোর কার্যকর উপায় নিয়ে মতবিনিময় করেন।
সেমিনারের পাশাপাশি প্রতিনিধিরা চীনের বিভিন্ন ঐতিহাসিক ও আধুনিক স্থাপনা পরিদর্শন করেন। বেইজিংয়ের গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শনের পর তারা ইয়িচুয়াং এলাকায় আধুনিক নগর উন্নয়ন ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন। এছাড়া ইয়ানআন শহরে চীনা বিপ্লবের ইতিহাস এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্রামীণ জীবন সংশ্লিষ্ট ইয়াংজিয়াহে গ্রাম পরিদর্শন করেন তারা। শানসি প্রদেশের শি’আনে তারা টেরাকোটা আর্মি জাদুঘর এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) ঘুরে দেখেন। হাংঝৌ ও ইউইউ শহরে তারা অর্থনৈতিক উন্নয়ন ও বিশ্ববাজারের সাথে স্থানীয় উৎপাদনের সংযোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া লিয়াংঝু প্রাচীন শহর পরিদর্শনের মাধ্যমে প্রাচীন চীনের নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সম্পর্কেও তারা জানতে পারেন।
সফর শেষে আপেল মাহমুদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে চীনের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি সরাসরি দেখার সুযোগ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে গড়ে ওঠা এই যোগাযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা পারস্পরিক বোঝাপড়া ও সংলাপে সহায়ক ভূমিকা পালন করবে।

