জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্যালিতে অংশ নেওয়ার জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পুরো নয়াপল্টন ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে।
র্যালি শুরুর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তারেক রহমান বক্তব্য রাখেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
নির্ধারিত রুট অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হওয়া এই র্যালিটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে র্যালিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলের স্বেচ্ছাসেবকরা সড়কে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, যান চলাচল স্বাভাবিক রাখা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
রাজধানীর পাশাপাশি শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও দিবসটি উপলক্ষে র্যালি আয়োজন করেছে বিএনপি। এছাড়া আগামীকাল ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

