১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যুব সমাজকে লক্ষ্য করে ডা. শফিকুর রহমান বলেন, তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব এখন আমাদের দরজায় কড়া নাড়ছে। তিনি আরও বলেন, তাদের সাত দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। এই দাবি পূরণ হলে বাকি ছয়টি দাবি আর মাথাচাড়া দিয়ে উঠত না।
বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে এবং দেশবাসীকে হতাশ করেছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে তারা নতুন নতুন সমস্যা তৈরি করছে। যারা অতীতে দাসত্ব মেনে নিয়েছিল, তারা তাদের পরিণতি ভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, আপনারা আমাদের দাবি মেনে নিন এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। আমরা দাবি আদায় না করে ছাড়ব না।
ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে রাস্তায় নামেননি, বরং এসব দাবি জনগণের। এর আগে জনগণের সহযোগিতায় তাদের দুটি লংমার্চ সফল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য এর আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করেছিল।

