নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সাজেবুল ইসলাম অপূর্ব দুর্গাপুরের উকিলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, গ্রেপ্তার অপূর্ব ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শ্যামগঞ্জ-বিরিশিরি প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরের একটি দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আলিফের স্থায়ী বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।

