মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্রিকস সদস্যদের ভূমিকা নেওয়ার আহ্বান শি জিনপিংয়ের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ করে সেখানে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস জোটের সদস্য দেশগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে চীনা প্রেসিডেন্ট ব্রিকস জোটকে ‘গ্লোবাল সাউথের’ নেতৃত্বস্থানীয় এবং উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আত্মনির্ভরশীলতার একটি মডেল হিসেবে তুলে ধরেন। তিনি পরামর্শ দেন যে, জোটের উচিত উদ্ভাবন-ভিত্তিক উন্নয়নকে আরও উৎসাহিত করা।

উল্লেখ্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে এই জোট গঠিত। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্য নিয়ে ২০০৯ সালে ব্রিকস প্রতিষ্ঠিত হয়েছিল।

গত দুই দশকে জোটটি বেশ সম্প্রসারিত হয়েছে। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী, সদস্যদেশগুলোর ভিন্ন ভিন্ন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কারণে ঐকমত্যে পৌঁছানো বর্তমানে ব্রিকসের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, এই সম্মেলনকে ঘিরে নয়াদিল্লিতে নজিরবিহীন ও জটিল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিদেশি নেতাদের নিজস্ব নিরাপত্তা দলের সঙ্গে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে কঠোর সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হচ্ছে।