চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গার দর্শনায় মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে এই হুইলচেয়ারগুলো প্রদান করা হয়।

সোমবার বেলা ১২টায় ইউনিয়ন দুটিতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ এবং মদনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, "সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।