ইসলামের মূল বিশ্বাসের ছয়টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো পরকাল বা শেষ দিনের প্রতি অবিচল বিশ্বাস। এই বিশ্বাসের অংশ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.) মৃত্যুর পরবর্তী বিভিন্ন ধাপ ও অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। এর মধ্যে রয়েছে কবরের প্রশ্নোত্তর, শাস্তি, প্রতিদান এবং হাশর-নাশর বা পুনরুত্থানের মতো বিষয়গুলো।
মৃত্যুর মুহূর্তটিই হলো পরকালীন জীবনের প্রথম ধাপ। একজন মোমিনের মৃত্যু যখন উপস্থিত হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল মুখমণ্ডলবিশিষ্ট ফেরেশতারা অবতীর্ণ হন। তাদের চেহারা সূর্যের মতো প্রদীপ্ত থাকে এবং তাদের হাতে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা মৃত ব্যক্তির চারপাশে এমনভাবে অবস্থান করেন যে, দৃষ্টিসীমা পর্যন্ত তাদের উপস্থিতি দেখা যায়। মৃত্যুর ফেরেশতা তখন মাথার পাশে বসে অত্যন্ত কোমল কণ্ঠে আহ্বান করেন, 'হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো।' তখন সেই আত্মা অত্যন্ত সহজে পানির ফোঁটার মতো শরীর থেকে বেরিয়ে আসে।
বিপরীত চিত্র দেখা যায় অবিশ্বাসী বা কাফেরের ক্ষেত্রে। তাদের জন্য কালো চেহারার ফেরেশতারা রুক্ষ ও মোটা পশমি কাপড় নিয়ে আসেন। মালাকুল মওত তখন মাথার পাশে বসে কঠোরভাবে সম্বোধন করেন, 'হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো।' তখন সেই আত্মা শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে এবং তাকে জোরপূর্বক টেনে বের করা হয়। এই কষ্টের তীব্রতা অনেকটা ভেজা পশমের ভেতর থেকে লোহার কাঁটাযুক্ত দণ্ড টেনে বের করার মতো। (মুসনাদে আহমদ : ১৮৫৫৭)।
আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মোমিন দুনিয়ার সকল কষ্ট থেকে মুক্তি পেয়ে আল্লাহর রহমতের দিকে যাত্রা করেন। অন্যদিকে, ফাসেক বা অপরাধী ব্যক্তির মৃত্যুতে মানুষ, জমিন, গাছপালা ও পশুরা তার থেকে স্বস্তি অনুভব করে। (বোখারি : ৬৫১২)।
এরপর মানুষ প্রবেশ করে বরজখের জীবনে, যা দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী এক দীর্ঘ সময়। কবর হলো পরকালের প্রথম ঘর। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর, দাফন শেষে সঙ্গীরা যখন ফিরে যেতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এরপরই তাকে তিনটি প্রশ্ন করা হয়। আল্লাহর রাসুল (সা.) এই পরীক্ষার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, 'তোমাদের কবরের পরীক্ষা হবে দাজ্জালের পরীক্ষার মতো কঠিন।' (বোখারি : ৭২৮৭)।

