রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দর কিছুটা নিম্নমুখী হলেও নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্যের বাজারে অস্থিরতা বেড়েই চলেছে। বিশেষ করে চিনি, ভোজ্যতেল, আটা, ময়দা এবং ডিমের অস্বাভাবিক দাম ও সরবরাহ সংকটে ক্রেতাদের স্বস্তি ফিরছে না।
শুক্রবার (২৮ আগস্ট) বাজার ঘুরে দেখা গেছে, প্যাকেটজাত ময়দার দাম কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫-২০ দিন আগেও এর দাম ছিল ৭০ টাকা। একইভাবে দুই কেজির প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় দাঁড়িয়েছে। চিনির বাজারেও অস্থিরতা তুঙ্গে; খুচরা বাজারে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি। বিক্রেতাদের দাবি, মিলগেট ও পাইকারি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় অনেক দোকানেই চিনি পাওয়া যাচ্ছে না।
ভোজ্যতেলের ক্ষেত্রেও একই সংকট দেখা দিয়েছে। খোলা সয়াবিন তেল ১৮৫ থেকে ১৯০ টাকা এবং খোলা পাম তেল ১৬৫ থেকে ১৭০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম ২০০ টাকা হলেও চাহিদা অনুযায়ী তা অনেক দোকানেই মিলছে না।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে পটোল, পেঁপে ও ঢ্যাঁড়সের দাম তুলনামূলক কম। কাঁচা মরিচের দামও কমে খুচরা বাজারে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকায় এবং কারওয়ান বাজারে পাইকারিতে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে ডিমের বাজার এখনো অস্থির। প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কয়েকটি সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাড়তি দামে সাধারণ ক্রেতারা হিমশিম খাচ্ছেন।

