‘বেদনাদায়ক আঘাত’ পেয়ে মধ্যপ্রাচ্য ছাড়বে যুক্তরাষ্ট্র: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, মারাত্মক ও বেদনাদায়ক আঘাত পাওয়ার পর মার্কিন সেনারা এ অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। চলমান লড়াই বন্ধে যখন নতুন করে আলোচনার প্রচেষ্টা চলছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এল।

লিখিত বিবৃতিতে শত্রু পক্ষের নাম সরাসরি উল্লেখ না করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সম্প্রতি হরমুজ প্রণালির সাহসী যোদ্ধা ও প্রহরীদের কাছ থেকে মারাত্মক ও বেদনাদায়ক আঘাত পেয়েছে শত্রুরা। এর ফলে তারা আর আরব সাগরের সীমানা অতিক্রম করার সাহস দেখাচ্ছে না। তিনি আরও সতর্ক করে বলেন, যখনই তারা এই ধরনের ঝুঁকি নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, তখনই নিজেদের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। খুব বেশি দিন বাকি নেই যখন আরব সাগরও শত্রুদের উপস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হবে।

আরব সাগরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে মোজতবা খামেনি বলেন, আরব উপদ্বীপ থেকে শুরু করে পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত এই সমুদ্রপথ বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরি ইরানের উপকূল এবং অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। এরপর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র উত্তেজনা এবং কৌশলগত লড়াই চলছে। এই সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি করে। এর জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটনও ইরানের প্রধান প্রধান সমুদ্রবন্দরের ওপর কঠোর অবরোধ আরোপ করে।