ইরানে টানা ১১তম রাতের হামলা চালাল মার্কিন সামরিক বাহিনী

ইরানে টানা হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। একাদশ রাতের মতো দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে। স্থানীয় পর্যায়ে এই হামলার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই অভিযান শুরু হয়। সেন্টকমের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে ইরান যে হুমকি সৃষ্টির সক্ষমতা রাখে, তা আরও দুর্বল করে দেওয়াই এই হামলার মূল উদ্দেশ্য।

তাবরিজে হামলার এই ঘটনা সাম্প্রতিক সামরিক অভিযানের ধারা থেকে কিছুটা ব্যতিক্রম। কারণ এর আগে পরিচালিত অধিকাংশ হামলা মূলত দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালিসংলগ্ন এলাকাকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শুনেছেন স্থানীয়রা। একই সঙ্গে দক্ষিণ ইরানের সিরিক শহরের আশেপাশে এবং বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পাল্টা জবাব হিসেবে তেহরান নিজ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো এবং বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর থেকে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরানের ছোড়া ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।