বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। ২৫টি শীর্ষস্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শীর্ষ নির্বাহী ও ব্যবসায়ী নেতা এই প্রতিনিধিদলে থাকবেন।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
মুখপাত্র মাহদী আমিন জানান, সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবে। এছাড়া সফররত ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও একটি বিশেষ বৈঠকে মিলিত হবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ দূত সার্জিও গোরের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিগত কয়েক মাসে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন প্রশাসন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের নীতিগত সহায়তা প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার বিষয়েও উভয় পক্ষ নিজেদের মধ্যে মতবিনিময় করেছে।
মুখপাত্র আরও উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিয়ে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে, যা দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। এই ইতিবাচক পরিবেশের মধ্যেই মার্কিন বিনিয়োগ নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী সপ্তাহে এই বড় প্রতিনিধিদলটি ঢাকা সফরে আসছে।

