ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের উপস্থিতিতে নির্যাতনের ঘটনার জেরে বৃটেন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইসরায়েল থেকে ২০ জন বৃটিশ কূটনীতিক চলে যাচ্ছেন। তবে পূর্ব জেরুজালেমে বৃটেনের কূটনৈতিক উপস্থিতি সীমিত আকারে বজায় থাকবে এবং কনস্যুলেটটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'ইউকে মিশন, জেরুজালেম'।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পূর্ব জেরুজালেমে বৃটিশ কনস্যুলেট জেনারেল তার আগের কাঠামোয় আর কার্যক্রম পরিচালনা করবে না। কনসাল জেনারেলসহ ২০ জন কূটনীতিক ইসরায়েল ত্যাগ করবেন। তবে বৃটিশ সরকারের নিজস্ব ভবন হওয়ায় সেখানে সাতজন কূটনীতিক নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম চালু থাকবে। ইতিমধ্যে ভবনটি থেকে 'বৃটিশ কনস্যুলেট জেনারেল' ও কনস্যুলার বিভাগের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সা’আর বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার উপযুক্ত পাল্টা ব্যবস্থা নেওয়া হবে, এমন নীতিতেই তারা অটল।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জেরুজালেমে প্রায় ২০০ বছর ধরে থাকা কনস্যুলেট জেনারেল বন্ধ করার আইনগত অধিকার ইসরায়েলের নেই এবং বৃটেন তা মেনে নেবে না। তিনি আরও পুনর্ব্যক্ত করেন যে, পূর্ব জেরুজালেম একটি দখলকৃত ভূখণ্ড। মিলিব্যান্ডের ভাষ্যমতে, নতুন নামে 'ইউকে মিশন, জেরুজালেম' হিসেবে এই কার্যালয়টি ফিলিস্তিনি জনগণের সঙ্গে কাজ এবং গুরুত্বপূর্ণ সেবা প্রদান অব্যাহত রাখবে।
আলোচনা চলাকালে কোনো ধরনের পারস্পরিক পাল্টা পদক্ষেপ না নেওয়ার বিষয়েও উভয় পক্ষ সম্মত হয়েছে। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থনে বৃটেন যে অবস্থান নিয়েছিল, তারা সেই নীতিতে দৃঢ়ভাবে অটল থাকবে।

