ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পরিমাণ ধস নেমেছে। রয়টার্স ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জনমত জরিপে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সময় শেষ হওয়া চার দিনব্যাপী এই জরিপে দেখা গেছে, মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিপরীতে ৬৪ শতাংশ উত্তরদাতা তার কার্যক্রমে অসন্তোষ জানিয়েছেন।
জরিপ অনুযায়ী, ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা তার দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এটি ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ডের সমান। জরিপে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জোরদার হওয়ার পর বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে, যা সাধারণ মার্কিন পরিবারের ওপর তীব্র চাপ তৈরি করেছে।
ট্রাম্প এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিলেও, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রবল হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করছেন, ইরান যুদ্ধ আরও দীর্ঘ হবে। এদিকে, জনমত ও জ্বালানি সংকটের প্রভাবের বিষয়ে গত শুক্রবার (১৪ আগস্ট) এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, কোনো হুমকিস্বরূপ দেশকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে জ্বালানির পেছনে সামান্য কিছু অতিরিক্ত অর্থ খরচ করা ভুল নয়।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে ট্রাম্পের জনপ্রিয়তায় এই ধস ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

