যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না। বুধবার টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন যে, নির্বাচন শেষ হওয়ার পরপরই এই যুদ্ধের অবসান ঘটবে। ট্রাম্পের দাবি, ততদিনে ইরান আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে না। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নিজ দল রিপাবলিকান পার্টির প্রথম সম্মেলনে যোগ দিতে তিনি টেক্সাস যাচ্ছিলেন। আসন্ন এই নির্বাচনে মার্কিন কংগ্রেসের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
দীর্ঘস্থায়ী এই সংঘাতের প্রভাবে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প নিজ দলের ভেতরেই চাপের মুখে রয়েছেন। পাশাপাশি বিভিন্ন জনমত জরিপে তাঁর জনপ্রিয়তা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ায় বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে, যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ। ট্রাম্প অবশ্য আশ্বস্ত করেছেন যে, নির্বাচন শেষ হওয়ার পরই তেলের দাম দ্রুত কমে আসবে।
ট্রাম্পের অভিযোগ, তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর ভাষ্যমতে, ইরান এমন একটি দুর্বল সরকার ক্ষমতায় আনতে চায় যারা দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিষয়টি অস্বীকার করে আসছে। ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প জানান, আলোচনা সম্ভব হলেও আপাতত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না।
এর আগে ট্রাম্প পূর্বাভাস দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে। কিন্তু সংঘাত এরই মধ্যে সপ্তম মাসে গড়িয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা ইরানের সংশ্লিষ্ট পাঁচটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, তারা হরমুজ প্রণালিতে দুটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ও আটটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে, যাতে জাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগের দিন ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বেশ কিছু তেল স্থাপনায় হামলা চালায়। গত মাসে দুই দেশের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে সংঘাত নতুন করে দানা বেঁধেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ শেষ হবে। ততদিনে ইরান আর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

