ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে সামরিক হামলার হুমকি

ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে তিনি সতর্ক করেছেন যে, যদি এই আলোচনা ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান পরিচালনা করতে প্রস্তুত থাকবে।

আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশের পর থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের কঠোর সামরিক পদক্ষেপের কারণেই ইরান বর্তমানে আলোচনার টেবিলে বসতে আগ্রহী হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে রয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ তুলেছেন যে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। ট্রাম্প জানান, বিষয়টি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি জানতে চাইবেন।

অন্যদিকে, ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাদের অবস্থান প্রায় একই, যদিও কিছু ছোটখাটো বিষয়ে পার্থক্য থাকতে পারে। হোয়াইট হাউসে মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার আলাদা একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।