টঙ্গী ও গাছায় শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষকসহ গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গী ও গাছা থানায় পৃথক দুটি আবাসিক ও অনাবাসিক মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এর মধ্যে টঙ্গীর আউচপাড়া এলাকায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেহ উদ্দিন (৩০) নামের এক শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা ও শিশুর স্বজনেরা। এ ঘটনায় শিশুর বাবার মামলার পর ওই শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে শিক্ষককে মারধর, প্রতিষ্ঠান ভাঙচুর ও টাকা-মোবাইল লুটপাটের অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

টঙ্গীর ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার মাদ্রাসার নিচতলার সিঁড়িতে শিশুটিকে অশালীন আচরণ ও যৌন নিপীড়ন করেন শিক্ষক মোসলেহ উদ্দিন। ঘটনার পর ভয়ে শিশুটি আর মাদ্রাসায় যেতে চায়নি এবং বিষয়টি বাড়িতে জানালে তাকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে মা-বাবার জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো ঘটনা প্রকাশ করে। ঘটনা জানতে পেরে গত বুধবার দুপুরে শিশুটির স্বজনেরা আউচপাড়ার ওই মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। খবরটি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই শিক্ষককে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে অভিযুক্ত শিক্ষককে বলতে শোনা যায়, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে তার ভিন্ন সম্পর্ক ছিল এবং তিনি চুমু দেওয়ার কথা স্বীকার করেন। তখন স্বজনেরা তাকে মারধর শুরু করেন। ২ মিনিট ২৯ সেকেন্ডের অপর ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার অন্যান্য লোকজন শিক্ষককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং স্বজনেরা আগে থেকে বিষয়টি জানানোর পরও ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করছেন।

তবে করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলমাছ হোসেন প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্ত দাবি করে বলেন, শিশুটির বাবার নেতৃত্বে ১৫-১৬ জন লোক মাদ্রাসায় ঢুকে শিক্ষক মোসলেহ উদ্দিন, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও নিরাপত্তাকর্মীকে মারধর করেছে। এ সময় কার্যালয় ভাঙচুর চালিয়ে ১৭ লাখ টাকা ও পাঁচটি মুঠোফোন লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিশুর বাবার মামলায় শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া পৃথক লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে গাজীপুরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার ডেঙ্গুর আলী সড়কে অবস্থিত দারুল হেদায়া কওমি মাদ্রাসার আবাসিক বিভাগের আট বছরের এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এজাহার অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত আনুমানিক দেড়টা এবং ১২ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে স্টোর রুমে নিয়ে ওই শিশুকে নিপীড়ন করা হয় এবং কাউকে জানালে মারধরের হুমকি দেওয়া হয়। শিশুর মা বিষয়টি জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করলেও সংশ্লিষ্ট দুজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এই ঘটনায় শিক্ষক অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)-এই তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।