সীমান্ত নজরদারিতে যুক্ত হবে থার্মাল ও নাইট-মিশন ড্রোন

সীমান্তের দুর্গম এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে থার্মাল ও নাইট-মিশন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশের মতো আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে। যেসব দুর্গম এলাকায় জনবল দিয়ে সরাসরি নজরদারি চালানো কঠিন, সেসব স্থানে ডিজিটাল সার্ভেইল্যান্স, নাইট মিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে সীমান্তের ওপারে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজিবির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, বিজিবির জন্য নিজস্ব ড্রোন তৈরি ও সংযোজনের প্রক্রিয়া চলছে। এগুলো স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হচ্ছে, যা ভবিষ্যতে একটি প্রতিরক্ষা শিল্প হিসেবে গড়ে উঠতে পারে। এই প্রযুক্তি পরিচালনায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি বর্ডার আউটপোস্ট, বিজিবি সদর দপ্তর ও আঞ্চলিক কমান্ড পর্যায় থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করা হবে।

দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধারকাজেও ড্রোন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্বের আধুনিক কিছু ড্রোন প্রদর্শিত হচ্ছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের উন্নত ড্রোনগুলোর একটি সমাহার এখানে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। বর্তমানে এই প্রশিক্ষণ কার্যক্রম মূলত বাহিনীর সদস্যদের জন্য পরিচালিত হলেও ভবিষ্যতে প্রয়োজন ও সুযোগ অনুযায়ী বেসামরিক জনগণকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।