ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে আসাদুল্লাহ হক (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্তের চকসিমানন্দ বিওপি এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত আসাদুল্লাহ হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্যানুযায়ী, সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আসাদুল্লাহ হক ঠিক কোন পরিস্থিতিতে এবং কীভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।