স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পরপরই তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রত্যাহারকৃত কর্মকর্তাদের মধ্যে তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান রয়েছেন। আদেশে তাদের ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে যান। সেখানে পরিদর্শনের সময় তিনি থানার ওসিকে অনুপস্থিত পান। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার পল্টন মডেল থানা পরিদর্শনে যান। সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায় এবং পরিদর্শনের সময় থানার কিছু কার্যক্রমে অসংগতি তাদের নজরে আসে।

