রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. খোকন ও রাজিব মাতুব্বর এই ছিনতাই ও মৃত্যুর ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। ডিবির তথ্যমতে, ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে টান দেন, যার ফলে তিনি রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন।
বুধবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩০ আগস্ট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২) একই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছিল। তখন তারা মোশারফ হোসেন পনি, সেন্ড্রিক ও রাকিবকে এই ঘটনার সঙ্গে জড়িত দাবি করেছিল এবং একটি মোটরসাইকেলও উদ্ধার করেছিল। তবে ডিবির দাবি, এসআরবির হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তারা একটি পৃথক চক্রের সদস্য। ডিবি আরও জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, এসআরবির উদ্ধার করা মোটরসাইকেলের রঙের সঙ্গে অপরাধীদের ব্যবহৃত মোটরসাইকেলের রঙের অমিল রয়েছে।
ঘটনার ১৮ দিন পর মঙ্গলবার খোকন ও রাজিবকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং রনজিলার লুট হওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহত রনজিলার স্বামী আবদুল মতিন জানান, উদ্ধারকৃত মালামাল তার স্ত্রীর এবং গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, বগুড়া থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে ২৯ আগস্ট ভোরে রনজিলা ছিনতাইয়ের শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন।
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিরপুরের মনিপুর পশ্চিমপাড়া থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়। তার গ্রামের বাড়ি ভোলার সদর উপজেলার গজারিয়ায়। জিজ্ঞাসাবাদে খোকন ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন এবং তার তথ্যের ভিত্তিতেই মিরপুর থানার বড়বাগ এলাকা থেকে রনজিলার ব্যাগ ও মিরপুর-১ এলাকা থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। এরপর বিরুলিয়া থেকে রাজিব মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে ৬২২ পিস ইয়াবা এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ডিবির ভাষ্যমতে, রাজিবের বিরুদ্ধে অস্ত্র ও দস্যুতাসহ আটটি এবং খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে। এসআরবির হাতে গ্রেপ্তারকৃতদের বিষয়ে ডিবি প্রধান জানান, তদন্তে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে এসআরবি-২-এর অধিনায়ক নয়মুল হাসান দাবি করেছেন, তারা সন্দেহভাজন হিসেবেই তিনজনকে গ্রেপ্তার করেছিলেন এবং এতে আইনের ব্যত্যয় ঘটেনি।

