সীমান্তের ওপার ও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: রাজশাহীতে তারেক রহমান

দেশের কয়েকটি কল-কারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে জানিয়ে জনগণকে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার সীমান্তের ওপার থেকে অর্থ জোগাচ্ছে এবং সেই অর্থ দিয়ে দেশের ভেতরে থাকা অন্য একটি পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি বাংলাদেশের মানুষ অর্থনৈতিক অধিকার, কর্মসংস্থান ও শান্তিময় পরিবেশ চায়। তবে একটি গোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির স্বাভাবিক গতি থমকে দিতে নানামুখী ষড়যন্ত্র ও অস্থিরতা ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু রাজনৈতিক দলের কড়া সমালোচনা করে তিনি বলেন, কয়েকটি দল মুখে এক কথা বললেও তাদের বাস্তবায়নে তার কোনো প্রতিফলন দেখা যায় না। জনগণ এখন দেশে পূর্ণ স্থিতিশীলতা, কর্মসংস্থানের সুযোগ এবং শান্তিপূর্ণ অগ্রযাত্রা চায়।

মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ১৯৭১ সালের ইতিহাস ও ২০২৪ সালের চেতনাকে গভীরভাবে ধারণ করে। সে কারণেই চব্বিশের জুলাই সংগ্রামের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়েছে দলটি। ইতিমধ্যে শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি এবং আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের অবদান স্মরণীয় করে রাখতে বিএনপি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বলেও জানান তিনি।

রাজশাহী অঞ্চলের পানির দীর্ঘদিনের সংকট নিরসনে মেগা পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, রাজশাহীসহ আশেপাশের প্রায় ১৪টি জেলার পানির সমস্যা দূর করতে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা আদায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কার্যকর আলোচনা করা হবে। যত দ্রুত সম্ভব পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্মাণকাজ শুরুর চেষ্টা করা হবে, যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।

জনসভামঞ্চে বসেই ল্যাপটপের বোতাম চেপে মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থল থেকেই সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে যায় এবং তারা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত হন। এই সুযোগে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতাল উন্নয়ন, খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির সঙ্গে জনগণের আকুণ্ঠ সমর্থন প্রয়োজন। জনগণের শক্তিই বিএনপি সরকারের মূল চালিকাশক্তি।

ঐতিহাসিক এই জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সহ-সভাপতি ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তadir, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) শরীফ উদ্দিন, সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ।