টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মহেড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, চিলাহাটীর উদ্দেশ্যে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে। ট্রেনটি সকাল ৯টার দিকে মির্জাপুরের মহেড়া স্টেশন অতিক্রম করার কিছু সময় পরই এর একটি বগি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রেলের একজন স্টাফ আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রেল যোগাযোগ স্থবির হয়ে আছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে এবং শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মহেড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। তবে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

