সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের জেরে রংমিস্ত্রি বাবুলের হাতে ৩ খুন

সিলেটের রায়নগরে তিন জনকে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামের এক রংমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সন্ধ্যায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে বাবুলের পূর্ব পরিচয় ছিল। পেশাগত কাজের সুবাদে সে নিয়মিত ওই বাসায় যাতায়াত করতো। এই পরিচয়ের সূত্র ধরেই বাসায় কর্মরত গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন সকালে বাবুল ওই বাসায় গেলে তাহমিনা দরোজা খুলে দেয়। পরে তাহমিনার রুমে গিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল চাকু দিয়ে তাহমিনাকে হত্যা করে। গৃহকর্মীর চিৎকারে সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। সবশেষে আব্দুস সাত্তারকে হত্যা করে বাবুল।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে যাওয়ার পর তারও চিৎকার শোনা যায়। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাবুল বেলকনি দিয়ে পালিয়ে যায় এবং পাশের ফ্ল্যাটের কাছে খুনে ব্যবহৃত ছুরিটি ফেলে দেয়। গ্রেপ্তারকৃত বাবুল মিয়া রায়নগর এলাকার মৃত নূর মিয়ার ছেলে এবং পেশায় রংমিস্ত্রি।