র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বিশেষায়িত বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। মঙ্গলবার গেজেট প্রকাশের পর গতকাল বুধবার থেকেই বাহিনীটির প্রতিটি ইউনিটের লোগো, প্রেস বিজ্ঞপ্তি এবং মিডিয়া সেন্টারের নামকরণে পরিবর্তন আনা হয়েছে। তবে বাহিনীর পোশাক এবং লোগোর মূল নকশায় আপাতত কোনো পরিবর্তন করা হয়নি।
রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসআরবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, গেজেট জারির মাধ্যমে র্যাব বিলুপ্ত করা হয়েছে এবং আজ থেকে প্রতিটি ইউনিট এসআরবি নামে কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ সম্মেলনের প্রবেশ পথে থাকা ‘র্যাব মিডিয়া সেন্টার’ সাইনবোর্ডটিও পরিবর্তন করা হয়েছে। বাহিনীটির বিজ্ঞপ্তিতে ব্যবহৃত লোগোতে জাতীয় ফুল শাপলার নিচে লাল-সবুজ বৃত্তের ওপর দুই পাশে ধানের শীষ এবং মাঝে জাতীয় স্মৃতিসৌধের নিচে নীল রঙের ভেতর সাদা রঙে ‘এসআরবি’ লেখা যুক্ত করা হয়েছে। এর নিচে কালো রঙের অগ্রগতির ধাতব চাকা এবং সবুজ রঙে ‘বাংলাদেশ আমার অহংকার’ লেখা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে পোশাকসহ সবকিছু আগের মতো থাকলেও পর্যায়ক্রমে সবকিছুর পরিবর্তন আনা হবে।
এসআরবি’র মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ বলেন, গেজেট প্রকাশের পর থেকে র্যাব নাম আর ব্যবহার করা হচ্ছে না। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় নতুন এই বাহিনী সর্বদা নিয়োজিত থাকবে এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১০ই সেপ্টেম্বর জাতীয় সংসদে র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের বিল পাস হয় এবং ১৫ই সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এর আইনি কাঠামো চূড়ান্ত হয়। ২০০৪ সালের ২৬শে মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে গঠিত র্যাব পরবর্তীতে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে ২০২১ সালের ১০ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর বাহিনীটির সংস্কারের দাবি জোরালো হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত ১০ই ডিসেম্বর পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি র্যাব বিলুপ্তির সুপারিশ করলে এই নতুন কাঠামোয় বাহিনীটি পুনর্গঠন করা হলো।

