১১ অক্টোবর সিডনিতে বসছে বাংলাদেশিদের বড় সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশি ঐতিহ্য, সংস্কৃতি এবং ব্যবসায়িক সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'স্প্রিং ফেয়ার ২০২৬'। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া ইনক.-এর আয়োজনে এই বহুসাংস্কৃতিক উৎসবটি সিডনির ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা চলবে। আয়োজকদের প্রত্যাশা, এই বিশাল আয়োজনে ১৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে।

উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি শিল্পী, স্থানীয় শিল্পী এবং অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলায় দেশি-বিদেশি খাবারের স্টল, কেনাকাটার সুযোগ এবং পারিবারিক বিনোদনের ব্যবস্থা থাকবে। অলাভজনক এই আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে ক্যাম্পবেলটাউন ঈগল স্পোর্টস।

আয়োজনটিকে সফল করতে গত শুক্রবার সিডনির মিন্টোতে অবস্থিত সৈয়দ পার্টনার্স কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টল ব্যবস্থাপনা, স্পন্সরশিপ, নিরাপত্তা এবং স্বেচ্ছাসেবক সমন্বয়সহ মেলা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সভাপতি সাইফ চৌধুরী জানান, এই উৎসবের অন্যতম লক্ষ্য হলো বিভিন্ন সংস্কৃতি ও কমিউনিটিকে একই প্ল্যাটফর্মে এনে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করা।

সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য সৈয়দ আকরামউল্লাহ জানান, উৎসবে শিশুদের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বিনামূল্যে রাইড এবং অভিভাবকদের জন্য প্যারেন্টাল প্লেসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দুর্গাপূজার এক সপ্তাহ আগে মেলাটি অনুষ্ঠিত হওয়ায় এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য কেনাকাটার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সহসভাপতি সৈয়দ বাকের আগ্রহী উদ্যোক্তাদের দ্রুত নিবন্ধনের আহ্বান জানিয়ে বলেছেন, সীমিত সংখ্যক স্টল ও স্পন্সরশিপের সুযোগ এখনো রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব বাংলাদেশি সংস্কৃতি, পারিবারিক বিনোদন এবং ব্যবসায়িক সংযোগের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।