দক্ষিণ আফ্রিকায় দোকানে ভয়াবহ আগুন, ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ছয়জন বাংলাদেশি প্রবাসী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের সময় নিহত বাংলাদেশিরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। আগুন অত্যন্ত দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার কারণে তারা আর বাইরে বের হওয়ার সুযোগ পাননি।

তবে ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দক্ষিণ আফ্রিকার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত শুরু করেছে।