বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, ৩ জেলায় নতুন এসপি

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক ছয়টি প্রজ্ঞাপনে বুধবার এই সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক বিতর্কিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকার ও মোহাম্মদ ইকবাল হোসাইন। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগের তথ্য জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকায় আছেন—ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বিপ্লব কুমার সরকার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার ও বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক ডিসি ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন, ডিএমপির উত্তরা বিভাগের সাবেক ডিসি ও চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কাজী আশরাফুল আজীম, কক্সবাজারের ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ২০২৪ সালের ৬ই আগস্ট থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাকে কাজে যোগ দেওয়ার জন্য বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। দুটি কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় বিভাগীয় মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। একইভাবে ২০২৪ সালের ২২শে আগস্ট থেকে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা সুদীপ কুমার চক্রবর্তীকেও কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন ২০২৪ সালের ২৮শে আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে আনীত পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকেই তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত কাজী আশরাফুল আজীম ২০২৪ সালের ১৪ই আগস্ট থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকায় বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বরখাস্ত হয়েছেন।

কক্সবাজারের উখিয়া ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ২০২৪ সালের ২৫শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনের নৈমিত্তিক ছুটিতে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি। ৩১শে ডিসেম্বর তার যোগদানের কথা থাকলেও অনুপস্থিত থাকায় তাকে ওই দিন থেকেই বরখাস্ত করা হয়েছে। এছাড়া, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেষণে যোগদানের জন্য ২০২৪ সালের ১০ই আগস্ট দায়িত্বভার অর্পণ করেন। পরবর্তীতে তাকে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি কোথাও যোগ দেননি। তার অনুপস্থিতি ৬০ দিনের বেশি হওয়ায় এবং ২০২৪ সালের ৩রা জুলাই রুজু হওয়া বিভাগীয় মামলায় পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির পরামর্শে তাকে ২০২৪ সালের ১১ই আগস্ট থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরে, পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনায় এবং সিলেট ডিআইজি রেঞ্জ কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি গাজীপুরের এসপি মো. শরীফ উদ্দিন ও নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন-এ বদলি করা হয়েছে।