কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী জানান, মাঠের সার্বিক সুবিধাদি বৃদ্ধি ও আধুনিকায়নে বর্তমান সরকার ১৭ কোটি টাকার একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। তিনি বলেন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রতি ঈদে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে আসেন। আগামীতে এই মাঠের ২০০তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ উপলক্ষকে সামনে রেখেই মাঠটির সার্বিক উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের আওতায় সরকারি তহবিল থেকে ৬ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং খুব শিগগিরই দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন হবে।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরাহ পালনের সময় সৌদি আরবের আরাফাত ময়দানে এক লাখ নিম গাছের চারা পাঠিয়েছিলেন, যা বর্তমানে বিশাল বৃক্ষরাজিতে পরিণত হয়েছে। দেশটির মানুষ সেগুলোকে সম্মান জানিয়ে ‘জিয়া গাছ’ নামে ডাকে। সেই ধারাবাহিকতায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠ পরিবেশবান্ধব ও ছায়ানিবিড় করতে এখানেও প্রচুর নিম গাছ রোপণ করা হবে।
এসময় তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং নিজ হাতে চারা রোপণ করে সবুজায়নের প্রতি সবাইকে উৎসাহিত করেন। উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তার উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে ও বক্তব্য শুনতে সমবেত হন। এই কর্মসূচির পর প্রধানমন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হন।

