শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জন পলাতক আসামির বিরুদ্ধে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ না করায় প্রসিকিউশন তাদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করার আবেদন জানায়। একই সাথে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আবেদনও করা হয়। আদালত প্রসিকিউশনের এই আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। মামলার মোট ৪১ জন আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ১১ জনকে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছিলেন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

মামলার অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা।

এছাড়া পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মো. মোখলেছুর রহমান, আজিজ আহমেদ, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, মো. মজিবুর রহমান, আব্দুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, এস এম শিবলী নোমান এবং বিএম ফরমান আলী।