শাকিল হত্যা মামলা: জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে এমপির ছেলে

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গত সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যুর পরপরই তাকে হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান মিন্টুকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সংশ্লিষ্টতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে পরে জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এদিকে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্ত এ সময় দুই রাউন্ড গুলি ছোড়ে। শাকিল পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাকিল মারা যান।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও বলেন, আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না, তবে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।